নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবীর। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে ফতুল্লা মডেল থানার অন্তর্গত ৫টি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
গণশুনানিতে ফতুল্লার ইউনিয়নগুলোকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা, নাগরিক সুবিধা বৃদ্ধি, কর কাঠামো এবং অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তাদের নিজ নিজ বক্তব্য ও দাবি উপস্থাপন করেন।
জেলা প্রশাসক রায়হান কবীর সকলের মতামত গুরুত্বসহকারে শোনার পর জানান, গণশুনানিতে উঠে আসা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের মতামত এবং সুপারিশসমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। জনস্বার্থ ও এলাকার সুষম উন্নয়নকে প্রাধান্য দিয়েই এ বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।